প্রশ্ন
স্বামী নিখোঁজ কতদিন পর স্ত্রী দ্বিতীয় বিবাহ করতে পারবে ?
প্রশ্নকারীর নাম: আবদুল্লাহ
প্রশ্নকারীর ঠিকানা: ভাঙ্গড়
প্রকাশিত: 26-07-2023
উত্তর
ফতওয়া নং ১১৬
নিখোঁজ ব্যক্তির স্ত্রীর আসল বিধান তো এই যে, সে সংযমের সাথে জীবন যাপন করবে। কিন্তু যদি সে নিখোঁজ স্বামীর বিবাহ বন্ধন থেকে মুক্তি লাভ করতে চায়, তাহলে সে নিজের এই মুকাদ্দামা মুসলমান কাযীর কাছে (মুসলমান কাযী না থাকলে, শরঈ পঞ্চায়েতে) উপস্থাপন করবে এবং সাক্ষীদের দ্বারা প্রমাণ করবে যে, আমার বিবাহ ওমুক ব্যক্তির সঙ্গে হয়েছিল। তারপর সাক্ষীদের দ্বারা তার নিখোঁজ হওয়া প্রমাণ করবে। তারপর কাযী নিজের মত করে তার সন্ধান করবে। যেখানে তার থাকার ধারণা প্রবল হবে সেখানে লোক পাঠাবেন। যেখানে থাকার প্রবল ধারণা নেই শুধু সম্ভাবনা আছে, সেখানে যদি পত্র পাঠানো যথেষ্ট মনে করেন, তাহলে পত্র পাঠিয়ে সন্ধান করবেন। আর যদি পত্রিকার মাধ্যমে প্রচার করলে, সংবাদ পাওয়ার আশা থাকে, তাহলে তাও করবেন।
মোটকথা যথাসাধ্য সন্ধান করবেন। এবং যখন সংবাদ পাওয়া থেকে নৈরাশ হয়ে যাবেন, তখন কাযী উক্ত মহিলাকে আরও চার বছর অপেক্ষা করার নির্দেশ দেবেন। যদি উক্ত চার বছরেও নিখোঁজের সন্ধান না পাওয়া যায়, তাহলে মহিলাটি পুণরায় কাযীর কাছে আপিল করবে। যার উপর কাযী তার মৃত হওয়ার ফয়সালা শুনিয়ে দিবে। তারপর চার মাস দশ দিন ইদ্দত পালনের পর মহিলাকে অন্যত্র বিবাহ করার স্বাধীনতা দিবেন। যদি মহিলাটি ব্যাভিচারের প্রবল আশংকা প্রকাশ করে, তাহলে এমন পরিস্থিতিতে চার বছর অপেক্ষার নির্দেশ যরূরী নয়। বরং দেখা হবে যে, স্বামী নিখোঁজের সময় থেকে এ পর্যন্ত কমপক্ষে এক বছর কাল অতিবাহিত হয়েছে কিনা। যদি অতিবাহিত হয়ে থাকে তাহলে কাযী অতিরিক্ত সময় না দিয়ে তখনই বিবাহ বিচ্ছেদ করতে পারেন। এমন ভাবে যদি যেনায় লিপ্ত হওয়ার আশংকা তো নেই কিন্তু নিরুদ্দেশ ব্যক্তির এতটা মাল নেই যা ওই চার বছরে মহিলাটির ভরনপোষনের জন্য যথেষ্ট হবে। অথবা মহিলাটির ক্ষেত্রে নিখোঁজের মাল থেকে ভরনপোষনের ব্যয় লাভ করা দুষ্কর। তাহলে এই পরিস্থিতিতে যদি ভরনপোষনের ব্যয় ছাড়া কমপক্ষে এক মাস অতিবাহিত হয়ে থাকে, তাহলে কাযী বিবাহ বিচ্ছেদ করতে পারেন।
প্রকাশ থাকে যে,এই শেষোক্ত দুটি পরিস্থিতিতে মহিলাটি মউতের ইদ্দতের পরিবর্তে তালাকের ইদ্দত পালন করবে। যা কাযীর ফয়সালার সময় থেকে গননা হবে। (ফাতাওয়া উসমানী২/৪৪৮ পৃষ্ঠা)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৫ মুহাররম ১৪৪৫হিজরী(03/08/2023)
উত্তর দেখা হয়েছে : 489