প্রশ্ন
ওজু করার সম্পুর্ণ পদ্ধতি টি বললে উপকৃত হবো।
প্রশ্নকারীর নাম: আমির
প্রশ্নকারীর ঠিকানা: হুগলি, পশ্চিমবঙ্গ
প্রকাশিত: 28-08-2023
উত্তর
ফতওয়া নং ১৪১
পরিষ্কার পাত্রে পাক পানি নিয়ে পাক উঁচু জায়গায় বসবে। কেবলামুখী হয়ে বসতে পারলে ভাল। তা সম্ভব না হলেও কোন ক্ষতি নেই। জামার আস্তিন কনুই পর্যন্ত তুলে নেবে। তারপর বিস্মিল্লাহ পড়বে। তিনবার কব্জি পর্যন্ত উভয় হাত ধোবে। অতঃপর তিনবার কুল্লি করবে। মেসওয়াক হাতের কাছে না থাকলে আঙ্গুল দ্বারা দাঁত মেজে নেবে।তারপর তিনবার নাকে পানি দিয়ে বাঁ হাতের আঙ্গুল দিয়ে নাক পরিষ্কার করবে। এরপর তিনবার মুখ ধোবে। মুখের উপর সজোরে পানি নিক্ষেপ করবে না; বরং আস্তে আস্তে কপালে পানি দিয়ে কপালের চুল থেকে চিবুক বা থুতনি পর্যন্ত এবং দু'পাশে উভয় কান পর্যন্ত মুখ ধোয়া কর্তব্য। তারপর কনুই সমেত উভয় হাত ধোবে। প্রথমে ডান হাত তিনবার এবং পরে বাঁ হাত তিনবার ধোয়া উচিত। অতঃপর হাত পানিতে ভিজিয়ে মাথা, কান ও ঘাড় মসেহ করবে। মসেহ কেবল একবার করে করবে। সবশেষে উভয় পা তিন তিনবার করে ধোবে । প্রথমে ডান পা ও পরে বাঁ পা ধোয়া উচিত। (তালীমুল ইসলাম ১/১৪)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২১ সফর,১৪৪৫হিজরী(8/09/2023)
উত্তর দেখা হয়েছে : 341